
চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ।
বুধবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন করেরহাট ইউনিয়নের বদ্ধ গেড়ামারা এলাকার বাসিন্দা মো. রায়হান হোসেন (২৩) এবং ইসলামপুর ভবানী এলাকার বাসিন্দা মো. হানিফ (২২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে করেরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে রায়হান হোসেন ও হানিফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া এই মামলার দুই প্রত্যক্ষদর্শী সাক্ষী সিএনজিচালক আব্দুল কাদের (৪৬) ও নজরুল ইসলাম (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে ভারতীয় গরুর অবৈধ চালানকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত হন শাহরিয়ার আহমেদ হৃদয়।
পরবর্তীতে পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা আবদুল আলীম জোরারগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।