সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লেখাপড়ার মানোন্নয়নে আধুনিক ও প্রযুক্তিগত পদ্ধতি অনুসরণের তাগিদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ মে ২০২৬ | ১১:০০ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ এলাকায় প্রতিষ্ঠিত উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া সিটি কলেজের লেখাপড়ার মানোন্নয়নে নীতিগত পরিবর্তন আনতে দিকনির্দেশনামূলক তাগিদ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আবদুস ছালাম।

রোববার সকালে উপজেলা সদরে অবস্থিত চকরিয়া সিটি কলেজের উদ্যোগে ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে দিকনির্দেশনা’ শীর্ষক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোহাম্মদ আবদুস ছালাম কলেজের শিক্ষকমণ্ডলীর উদ্দেশে এই আহ্বান জানান।

তিনি বলেন, গতানুগতিক ধারার পরিবর্তে চকরিয়া সিটি কলেজে আধুনিক ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা একটুখানি সচেষ্ট হলেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের লেখাপড়ার মান এবং পাঠদান পদ্ধতি আমূল বদলে যায় বলে তিনি মন্তব্য করেন।

চকরিয়া সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী এই সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের (মাউশি) সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন এবং মাউশির প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ কায়সার।

কলেজের প্রভাষক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালাহউদ্দিন খালেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক। এ ছাড়া সভায় চকরিয়া সিটি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মূল আলোচনা সভার আগে চকরিয়া সিটি কলেজের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আবদুস ছালাম এবং সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়।