সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চ্যাম্পিয়ন ও মেডেলজয়ীদের সংবর্ধনা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ মে ২০২৬ | ৭:০৭ অপরাহ্ন


‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ফুটবলে চ্যাম্পিয়ন দলসহ বিভিন্ন ইভেন্টে মেডেলজয়ী খেলোয়াড়, টিম ম্যানেজার, কোচ ও ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা দিয়েছে পটিয়া উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস টিমের সচিব বোরহান উদ্দিন, পটিয়া ক্লাবের সদস্যসচিব মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, বালিকা কাবাডি দলের টিম ম্যানেজার মামুনুল ইসলাম মামুন, বালিকা ফুটবল দলের টিম ম্যানেজার আকতারুজ্জামান বাবলু, দাবা দলের ম্যানেজার মফিজুর রহমান, বালক কাবাডি দলের টিম ম্যানেজার আলমগীর আলম, ব্যাডমিন্টন দলের ম্যানেজার আবদুল ছালাম, কোচ জাহাঙ্গীর আলম এবং পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন।

এ সময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে এবং নতুন প্রতিভা তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পটিয়ার খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবেন।