সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দের নির্দেশ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ মে ২০২৬ | ৬:৫৭ অপরাহ্ন


আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে আসন্ন পবিত্র ঈদুল আজহায় নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

শুনানি শেষে আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও বলা আছে। সেখানে বিনা অনুমতিতে অন্য কেউ প্রবেশ করলে জরিমানা আরোপের কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে ১১৯ ধারায়।

ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে একটি রিট দায়ের করেন আইনজীবী মমতাজ পারভীন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে পরের বছরের ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।

রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছিলেন আদালত।

সেই বিচারাধীন রুলে একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নতুন আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি আরও জানান, রেলওয়ে আইনে ট্রেনে নারীদের জন্য আলাদা কামরার কথা বলা আছে এবং সেটি বাস্তবায়নের রুল এখনো বিচারাধীন। এই অবস্থায় আসন্ন ঈদে নারী যাত্রীদের কষ্ট লাঘবের জন্যই এই আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই নির্দেশ প্রদান করেছেন।