
ক্রেতার বেশে গয়নার দোকানে প্রবেশ করে কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
জানা যায়, বোরকা পরা ওই নারী ক্রেতার বেশে দোকানে প্রবেশ করে সোনার হার, চুড়ি ও কানের দুল দেখতে চান। পরে দোকানকর্মীরা নিয়ম অনুযায়ী গয়না বের করে দেখাতে শুরু করলে হঠাৎ তিনি বোরকার ভেতর থেকে মরিচের গুঁড়া বের করে তিন কর্মচারীর চোখেমুখে ছিটিয়ে দেন। এতে মুহূর্তেই দোকানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
চোখে তীব্র জ্বালা সত্ত্বেও কর্মচারীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সুযোগে প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করেন ওই নারী। তবে দোকানকর্মীরা সাহসিকতার সঙ্গে তাকে বাধা দেন। এক কর্মচারী কৌশলে তার হাত চেপে ধরেন এবং পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করেন।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে নিজেদের হেফাজতে নেয়।
আটক হওয়া ওই নারীর নাম সালমা আকতার। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
দোকানের মালিক সুমন ধর জানান, ক্রেতা সেজে এসে মরিচের গুঁড়া ছিটিয়ে গয়না লুটের চেষ্টা করা হয়। তবে তার কর্মচারীদের দ্রুত ও সাহসী পদক্ষেপে সব গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম খান জানান, আটক সালমা আকতারের বিরুদ্ধে আগেও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।