
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মো. হাছান নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাছান উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মো. বশরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৈলগাঁও এলাকার দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে তার চাচাতো ভাই মো. হাছানের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। ছেলেকে বাঁচাতে গিয়ে এ সময় হাছানের বাবা মো. বশরও আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাছানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, নিহত হাছানের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিবসহ জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।