
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি গরুসহ ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের।
অগ্নিকাণ্ডে আবুল কালামের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট ৭টি গরু পুড়ে মারা যায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একে একে পাঁচটি বসতঘর ও একটি ঘরের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে তিনি জানান।