
কক্সবাজারের চকরিয়ায় মসজিদের ভেতর থেকে মোহাম্মদ ইদ্রিস (৪৫) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমাম মোহাম্মদ ইদ্রিসকে ঝুলতে দেখেন মুসল্লিরা। পরে বিষয়টি জানাজানি হলে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
দীর্ঘদিন ধরে গ্রামের ওই মসজিদে ইমামতি করে আসা মাওলানা মোহাম্মদ ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কারণ নিহতের থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল।
ওই কক্ষে বাইরে থেকে কারও ঢোকার কোনো আলামত পুলিশ পায়নি উল্লেখ করে ওসি আরও জানান, পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।