সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদুল আজহায় সাত দিনের ছুটি, ২৩ মে শনিবারও খোলা থাকবে অফিস

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ মে ২০২৬ | ৭:১৮ অপরাহ্ন

বাংলাদেশ সরকার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করে ওই দিন অফিসগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ২৪ মে (রোববার) হবে পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিভিন্ন জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার মতো খাতগুলো এই ছুটির বাইরে থেকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

বেসরকারি খাতের সাধারণ ছুটি নির্ধারণের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা জারি করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।