
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে এবং চুরি-ছিনতাই রোধে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
বৃহস্পতিবার গভীর রাতে মিরসরাই থানা আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
পুলিশ সুপার বলেন, ঈদুল আজহা উপলক্ষে বড় ধরনের অর্থনৈতিক লেনদেন হয়। তাই পশুর হাট ও গরুর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল, ক্রস পেট্রোলিং এবং চেকপোস্ট বসানো হবে। যাতে কোনো ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিভিন্ন থানার ওসিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
পরিদর্শনকালে এসপি মাসুদ আলম থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষায় আরও তৎপর ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানানোর পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মিরসরাই ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।