
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক সমাজ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের প্রতি সবাইকে আন্তরিক হতে হবে।
শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষক ও মৎস্যজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
কৃষিজমি রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে জানান এমপি শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, কৃষি ও মৎস্যখাতকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে ঋণ প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
কৃষকদের ঘরে সচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কৃষি ও মৎস্যখাতকে যথাযথ গুরুত্ব না দিলে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি ডা. মো. ইউনূসের সভাপতিত্বে এবং মিজানুল রহমান সিকদারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইসহাক, মাস্টার এনামুল হক, তারেক হোসাইন ও দিদারুল ইসলাম।
এছাড়া সম্মেলনে আরও বক্তব্য দেন খানে আলম, মোহাম্মদ রফিক, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম বাবর, কামাল হোসেন ও দিদারুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।