
চট্টগ্রামের চন্দনাইশে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ঘটনা ঘটেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে দলটির সহস্রাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে এই যোগদানকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকালে চন্দনাইশের মক্কা পেট্রল পাম্পসংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ-এর উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং পৌর গণতান্ত্রিক কৃষক দলের সদস্যসচিব এনামুল হক। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পদধারী নেতারাও দলবদল করেন।
অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, বিএনপির রাজনীতির প্রতি আস্থা রেখেই তারা নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছেন। স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতেই এই যোগদান বলে মন্তব্য করেন কয়েকজন নেতা।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আজম খান, সদস্যসচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সদস্যসচিব মো. মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠানজুড়ে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।