
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৯৮০ সালে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে গাছবাড়িয়া খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘ ৪৬ বছর পর সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই খনন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময় সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ঐতিহাসিক গাছবাড়িয়া খালটি ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তৎকালীন বিএনপির সংসদ সদস্য এম এ জিন্নাহ এবং ত্রাণমন্ত্রী হারুন অর রশিদের নেতৃত্বে এটি পুনঃখনন করা হয়। এরপর অদ্যাবধি আর এই খালটি পুনঃখনন না হওয়ায় এটি অনেকটাই ভরাট হয়ে গেছে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, কৃষকদের চাষাবাদ নিশ্চিত করা এবং স্থানীয়দের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। সেই ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির মধ্যে আমাদের গাছবাড়িয়া খালও অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি এই খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন হুমায়ুন এবং হাসান চৌধুরী।
এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহির উদ্দিন, মনিরুজ্জামান রোমেল, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য সচিব মাঈন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে দুই কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।