সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কর্ণফুলী ড্রাই ডক পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ মে ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ন


চট্টগ্রামের শিল্প ও নৌখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। শনিবার চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে তারা এই পরিদর্শন সম্পন্ন করেন।

পরিদর্শনকারী তিন প্রতিমন্ত্রী হলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীবৃন্দ কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেডের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প এবং অবকাঠামোগত উন্নয়ন কাজ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তারা দেশের অন্যতম বৃহৎ এই নৌ-অবকাঠামো প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও মেরামতে কর্ণফুলী ড্রাই ডকের ভূমিকার প্রশংসা করেন প্রতিমন্ত্রীবৃন্দ। একই সঙ্গে প্রকল্পগুলোর দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (হারবার ও মেরিন) সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।