সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ মে ২০২৬ | ৬:৫৭ অপরাহ্ন


খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি একে-২২ রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় গোলাগুলিতে এক সশস্ত্র সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়া পাড়া আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালালে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনাবাহিনী পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপিডিএফের কালেক্টর রনেল চাকমাসহ তিনজনকে আটক করা হয়।

আটক অপর দুজন হলেন রাজু মারমা ওরফে সাচিং (১৮) এবং সুইহোয়াই মারমা (৩৫)। গোলাগুলিতে আহত সুইহোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।