
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পৃথক দুই ইউনিয়নে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) উপজেলার কৈয়ারবিল ও লেমশীখালী ইউনিয়নে হৃদয়বিদারক এই ঘটনা দুটি ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া এলাকার রমিজ আলমের তিন বছর বয়সী ছেলে সৈয়দ হাসান পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নব বেগম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিন দুপুর ১টার দিকে লেমশীখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করলাপাড়া এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। সেখানে এরশাদের পাঁচ বছর বয়সী ছেলে সাব্বির একইভাবে পুকুরে ডুবে মারা যায়। কুতুবদিয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত রাশেদুল ইসলাম এই শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পানিতে ডুবে শিশু মৃত্যুর এমন ধারাবাহিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। এ প্রসঙ্গে স্থানীয় সমাজকর্মী নাজমুল হুদা সাকিব জানান, পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা বর্তমানে আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই মৃত্যুর হার কমাতে তারা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে পাড়া-মহল্লায় নিয়মিত প্রচার চালালেও আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবারের একটু বাড়তি নজরদারিই পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে।