সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় অস্ত্র উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ মে ২০২৬ | ৯:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকার একটি বসতবাড়ির পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াপাড়া এলাকায় জনৈক ওসমানের বসতবাড়ির পশ্চিম পাশে একটি কাঁঠালগাছের নিচে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি দোনলা পাইপগান উদ্ধার করে।

উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।