
কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত নামের এক বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি স্থানীয় গ্রাম্য চিকিৎসক আবু নোমান ওসমানীর ছোট সন্তান। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের বরাত দিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা ও লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ। তিনি জানান, সোমবার দুপুরে বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি শিশুটির গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক বেলাল আহমদ আরও জানান, সোমবার রাত ৯টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।