সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘গণমাধ্যম ও সরকারের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে কাজ করছে পিআইডি’

পটিয়ায় তথ্য অফিসের অবহিতকরণ সভা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মে ২০২৬ | ৬:০৯ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা করেছে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস। মঙ্গলবার (১৯ মে) দুপুরে তথ্য অফিস পটিয়ার সহযোগিতায় পটিয়া পৌর সদরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান। অনুষ্ঠানে পিআইডির কার্যক্রম তুলে ধরেন চট্টগ্রাম আঞ্চলিক অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্তী এবং বক্তব্য দেন তথ্য অফিস পটিয়ার সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরী।

সভাপতির বক্তব্যে মো. সাঈদ হাসান বলেন, পিআইডি সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, নীতি, পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। একই সঙ্গে গণমাধ্যম ও সরকারের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনেও পিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, পিআইডির অন্যতম প্রধান কাজ হলো বিভিন্ন সরকারি কার্যক্রমের সংবাদ, প্রেস বিজ্ঞপ্তি ও তথ্য সংগ্রহ করে তা গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা। দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল অগ্রগতির তথ্য জনগণের সামনে তুলে ধরতে পিআইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া সাংবাদিকদের তথ্য সহায়তা ও প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কর্মসূচিতে সংবাদ কাভারেজ সমন্বয় এবং বিদেশি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজও করে থাকে সংস্থাটি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করা এবং জনগণের মতামত সরকারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে পিআইডি একটি সেতুবন্ধ হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্য থেকে বক্তব্য দেন আবদুর রাজ্জাক, এস কে এম নুর হোসেন, এ টি এম তোহা, আবদুল হাকিম রানা, শফিউল আজম, সেলিম চৌধুরী, কাউছার আলম ও রবিউল হোসেন প্রমুখ। তাঁরা তাঁদের বক্তব্যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও ওয়েজবোর্ড বাস্তবায়নে পিআইডিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় মফস্বলে কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ তাঁদের পেশাগত মানোন্নয়নে পিআইডি যথাযথ ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়।