
কক্সবাজারের চকরিয়ায় চলছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। এ মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। মেলা চলাকালে মঙ্গলবার (১৯ মে) দুপুরে চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগমের কাছে মেলার সার্বিক বিষয়ে জানতে চান স্থানীয় সাংবাদিকরা।
এ সময় তিনি চরম অসৌজন্যমূলক আচরণ করে দম্ভের সঙ্গে বলেন, ‘এটি ভূমি মেলা নয়, এটি ভেজাল (ফেঝা) মেলা, আর আমি কর্মকর্তা নই, কর্মকুত্তা।’ তাঁর এমন আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)।
চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের এই উপসহকারী কর্মকর্তার এমন কটাক্ষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মচারীর এমন বক্তব্য শুধু সরকারের ভূমিসেবা কার্যক্রমের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং এটি সরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। একজন সরকারি কর্মকর্তার আচরণ এমন হওয়া কোনোভাবেই কাম্য নয়। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, ভূমিসেবা মেলায় ওই নারী কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে তীর্যক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ শিষ্টাচারবহির্ভূত। এ বিষয়ে তাঁর কাছে যথাযথ জবাব চেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত খালেদা বেগমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।