
স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক কক্সবাজারের পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহর নেতৃত্বে উপজেলা সদরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা সদরে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশকে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে পেকুয়ায় পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই পেকুয়া পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ সম্ভব হয়েছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, পেকুয়া উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জয়নাল আবদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা ওলামা দলের সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ওসমান গণি এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুন অর রশিদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।