
চট্টগ্রামের পটিয়ায় রেল চলাচলে বাধা সৃষ্টি ও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। বুধবার (২০ মে) সকালে পটিয়া রেলওয়ে স্টেশনে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সুবঞ্চগীণ।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলন্ত ট্রেনে প্রতিনিয়ত পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি স্থানে পাথর নিক্ষেপের কারণে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রচারণা কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওপিএস মো. শফিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, সিপিএম মো. সলিমুল্লাহ, ফারহান মাহমুদ এবং পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল আলম।
উদ্বোধনী বক্তব্যে উপস্থিত কর্মকর্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। দেশীয় যাত্রীদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এ ট্রেনে যাতায়াত করেন। তাই এমন কোনো কাজ করা যাবে না, যা রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল আলম জানান, জনসাধারণকে সচেতন করতেই এই প্রচারণা চালানো হয়েছে। পটিয়া থেকে শুরু হয়ে এই কর্মসূচি দোহাজারী পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কল্যাণে ট্রেন চলাচল করে, তাই এর নিরাপত্তা রক্ষা করা জনগণেরও দায়িত্ব। ট্রেন চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে জনসচেতনতামূলক এই প্রচারণা অব্যাহত থাকবে।