
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় মাওলানা আবুল কাশেম হত্যা মামলায় জামাল হোসেন নামের এক ব্যবসায়ীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ উঠেছে। হয়রানি থেকে বাঁচতে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে এই মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার মেয়ে জাকিয়া সোলতানা জেসি।
বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই লিখিত আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে জাকিয়া সোলতানা জেসি উল্লেখ করেন, তার বাবা জামাল হোসেন স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিনের ব্যবসায়িক জীবনের পাশাপাশি তিনি নানা ধরনের সামাজিক ও মানবিক কাজে যুক্ত। এলাকায় একজন শান্তিপ্রিয় ও সম্মানিত মানুষ হিসেবে তার পরিচিতি রয়েছে।
জানা যায়, সম্প্রতি চরম্বা এলাকায় মাওলানা আবুল কাশেম নিহতের ঘটনা ঘটে। মূলত পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটলেও ষড়যন্ত্রমূলকভাবে জামাল হোসেনকে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে আবেদনে দাবি করা হয়েছে।
ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই মামলায় তার বাবার নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ জাকিয়া সোলতানা জেসির। তিনি জানান, তার বাবা কখনো কোনো সন্ত্রাসী বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং একজন সচেতন নাগরিক হিসেবে তিনি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল।
মিথ্যা মামলার কারণে পুরো পরিবার চরম মানসিক, সামাজিক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও নির্দোষ জামাল হোসেনকে মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানান জাকিয়া সোলতানা জেসি।