সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এবার চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের সঙ্গে জনতার ধস্তাধস্তি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ মে ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ন


সারাদেশে যখন শিশু রামিসা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ চলছে, ঠিক সেই সময়েই চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডের ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামের একটি ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী শিশুটির মা পোশাক কারখানার শ্রমিক এবং বাবা পেশায় একজন রিকশাচালক।

দুপুরে শিশুটি বাসায় ঘুমিয়ে ছিল। তাকে একা পেয়ে স্থানীয় একটি দোকানের কর্মচারী ৩২ বছর বয়সী এক যুবক ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন। এরপর তাকে স্থানীয় একটি মাদ্রাসার গেটের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান এবং উত্তেজিত জনতা নিজেরা বিচার করার দাবি তোলেন।

পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে কয়েক দফা হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

উত্তেজনাকর পরিস্থিতির কারণে পুলিশের তিন-চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়। দীর্ঘ সময় ধরে পুরো এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

এদিকে, ভুক্তভোগী শিশুটিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পুলিশ পরিস্থিতি শান্ত করার পাশাপাশি অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।