সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় বেপরোয়া বাসের ধাক্কায় নারী পথচারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ মে ২০২৬ | ৭:০৯ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়াফুল তার্কি (২৭) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মায়াফুল তার্কি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের ইয়াছিন আরাফাতের স্ত্রী।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ দুর্ঘটনায় নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মালুমঘাট স্টেশন এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন মায়াফুল।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবর রহমান নারী পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর স্বজনরা পুলিশকে না জানিয়েই মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।