সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কর্ণফুলীতে কাভার্ড ভ্যানে গোপন চেম্বার: ৭১ লাখ টাকার ইয়াবাসহ চালক গ্রেপ্তার

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ মে ২০২৬ | ১২:০৯ অপরাহ্ন


চট্টগ্রামের কর্ণফুলীতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৭১ লাখ টাকার ইয়াবাসহ এক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। ভ্যানটির নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি লোহার গোপন চেম্বার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া কাভার্ট ভ্যান চালকের নাম মো. নাজমুল হক (৩৭)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

শুক্রবার (২২ মে) গভীর রাতে কর্ণফুলী থানার ফকিরনীরহাট এলাকার শাহ মোহছেন আউলিয়া (র.) সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে মাদকের বড় চালান চট্টগ্রামের দিকে আসার গোপন তথ্য ছিল তাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কের ফকিরনীরহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব।

রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি চেকপোস্টে এলে থামার সংকেত দেওয়া হয়।

পরে কাভার্ড ভ্যানটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পেছনের অংশের নিচের দিকে বাম পাশে বিশেষ কৌশলে তৈরি একটি লোহার চেম্বারের সন্ধান পান র‍্যাব সদস্যরা।

ওই চেম্বারের ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব উপায়ে কক্সবাজার সীমান্ত থেকে মাদক এনে চট্টগ্রামে সরবরাহ করে আসছিলেন।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা ইয়াবা ও কাভার্ট ভ্যানসহ আসামিকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।