সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল, ২৫ লাখ কর্মসংস্থানের আশা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ মে ২০২৬ | ৫:৪৫ অপরাহ্ন


বন্ধ কলকারখানা চালুসহ দেশের অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এই বিশেষ তহবিলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই বিশাল তহবিলের মাধ্যমে দেশে অন্তত ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণের ক্ষেত্রে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে প্রদান করবে। ফলে গ্রাহকেরা ৭ শতাংশ সুদে এই ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

মোস্তাকুর রহমান আরও জানান, মোট ৬০ হাজার কোটি টাকার এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বিভিন্ন ব্যাংক। বাকি ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু বন্ধ কলকারখানা চালুর জন্যই নয়, বরং কৃষি খাত, তৈরি পোশাক শিল্প, সিএমএসএমই, পরিবেশবান্ধব এবং সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) খাতেও এই ঋণ ও অর্থায়ন করা হবে। এর মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দেশের আর্থিক খাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান আরও বলেন, দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক-তৃতীয়াংশই গায়েব হয়ে গেছে এবং এসব ঋণের বিপরীতে ব্যাংকের কাছে পর্যাপ্ত কোনো সম্পদ জমা নেই।