সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভাড়া আদায় নিয়ে বিরোধ: রাঙ্গুনিয়ায় লাথির আঘাতে বিএনপি নেতা নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ মে ২০২৬ | ৬:২১ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ভাড়া আদায় নিয়ে বিরোধের জেরে লাথির আঘাতে আবুল কাসেম (৬০) প্রকাশ কাসেম নেতা নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেম কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একসময় তিনি চায়ের দোকান পরিচালনা করলেও বর্তমানে ফলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভবনের ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে ভবন মালিক আবদুল আলিমের ছেলে সুমন অত্যন্ত উত্তেজিত হয়ে আবুল কাসেমকে সজোরে লাথি মারেন।

লাথির আঘাতে আবুল কাসেম মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবুল কাসেমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন।

মো. জহির উদ্দিন জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।