সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদযাত্রার প্রথম দিনেই ভোগান্তি, সোয়া তিন ঘণ্টা দেরিতে ছাড়ল বিজয় এক্সপ্রেস

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ মে ২০২৬ | ৭:২৬ অপরাহ্ন


শনিবার থেকে শুরু হওয়া ঈদযাত্রার প্রথম দিনেই চট্টগ্রাম রেলস্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন জামালপুরগামী যাত্রীরা।

এদিন চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে বিজয় এক্সপ্রেস ট্রেনটি সোয়া তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। এতে দীর্ঘ সময় স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষার প্রহর গুনতে হয় ঘরমুখো মানুষদের।

স্টেশন সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি স্টেশন ত্যাগ করে দুপুর সাড়ে ১২টায়।

নির্ধারিত সময়ের অনেক আগেই পরিবার-পরিজন নিয়ে স্টেশনে হাজির হয়েছিলেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় বয়স্ক ব্যক্তি ও শিশুদের চরম কষ্ট পোহাতে হয়।

অবশ্য চট্টগ্রাম স্টেশন থেকে দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতকারী আন্তনগর ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়েছে। এসব ট্রেনের যাত্রীদের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল।

এদিন চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে দুটি, ঢাকার উদ্দেশে পাঁচটি, চাঁদপুরের উদ্দেশে একটি এবং কক্সবাজারের উদ্দেশে দুটি আন্তনগর ট্রেন সঠিক সময়ে ছেড়ে যায়। এছাড়া মেইল ও লোকাল ট্রেনগুলোও নির্ধারিত সময়ে চলাচল করেছে।

বিজয় এক্সপ্রেস সোয়া তিন ঘণ্টা দেরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার।

তিনি জানান, জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস ফিরে আসতে দেরি করেছে। এ কারণেই চট্টগ্রাম থেকে ছাড়তে বিলম্ব হয়েছে। তবে অন্যান্য ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়েছে।

এদিকে, শনিবার ঈদযাত্রার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন। এ সময় রেলওয়ের অন্যান্য কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।