সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হচ্ছে : এমপি শামছুন্নাহার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ মে ২০২৬ | ১১:৩২ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বলেছেন, ফ্যাসিবাদ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতা মিলেমিশে দেশকে আগলে রেখেছিল।

তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম এই ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু দুঃখজনক হলেও আজ কেউ কেউ জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। জুলাইয়ের শহীদদের সঙ্গে গাদ্দারি করা হচ্ছে, যা মোটেও কাম্য নয়।

রোববার (২৪ মে) মিরসরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশ গঠনে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে ঐক্যের ডাক দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।

একইসঙ্গে তিনি আগামী প্রজন্মের সন্তানদের চরিত্র গঠনে মায়েদের বিশেষভাবে সজাগ থাকার অনুরোধ জানান।

বক্তব্যের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন,

> “আর তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতক্ষণ না ফিতনা (শিরক ও অত্যাচার) দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়।”

প্রধান অতিথি শামছুন্নাহার বেগম জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, তাদের রক্তের বিনিময়ে আজ ইসলামপন্থি মানুষেরা বাংলাদেশে মুক্তভাবে চলাফেরা করছে এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের এই অধিকারটুকু কেড়ে নিয়েছিল।

মিরসরাই থানা সেক্রেটারি তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা আমির নুরুল কবির, সাবেক ছাত্রী সংস্থা নেত্রী বিলকিছ আরা আরজু এবং চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।