
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের মালুমঘাট এলাকায় সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে কতিপয় দখলবাজ চক্র কর্তৃক নির্মিত অন্তত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের শিক্ষানবিশ সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামরুল হাসান ও রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খসরুল আমিনের নেতৃত্বে বনকর্মীরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মো. কামরুল হাসান ও মো. খসরুল আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. শাহরিয়ার আমিনসহ অন্য বনকর্মী ও সিপিজি দলের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন।
সোমবার (২৫ মে) রাতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে বনবিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খসরুল আমিন নিশ্চিত করেছেন।
মো. খসরুল আমিন জানান, সম্প্রতি মালুমঘাট হাসিনা পাড়ার সামনে সংরক্ষিত বনের বিপুল পরিমাণ জায়গা দখলে নিয়ে কতিপয় চক্র রাতারাতি অসংখ্য স্থাপনা নির্মাণ করেছিল। বিষয়টি কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেনকে অবহিত করা হয়।
পরে ডিএফও মো. মারুফ হোসেনের নির্দেশে দখলবাজ চক্র কর্তৃক গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় বলে মো. খসরুল আমিন উল্লেখ করেন।
ডিএফও মো. মারুফ হোসেনের নির্দেশের অংশ হিসেবেই রোববার বিকেলে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত অন্তত ১০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে মো. খসরুল আমিন জানান। বনবিভাগ সূত্র জানায়, এই অভিযানে উদ্ধারকৃত বনভূমির মূল্য আনুমানিক এক কোটি টাকারও বেশি হবে।