সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় নছিমনচালক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ মে ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশে বিকল গাড়ির চাকা মেরামতের সময় একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. নয়ন উদ্দিন (২১) নামের এক নছিমন (ট্রলি) চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোররাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. নয়ন উদ্দিন কক্সবাজার সদরের লারপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, মো. নয়ন উদ্দিন শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে রড বোঝাই করে কক্সবাজার থেকে চকরিয়ার বদরখালীর উদ্দেশ্যে রওনা দেন। পথে মালুমঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির ডান পাশের চাকা ফেটে যায়।

পরে মো. নয়ন উদ্দিন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের কাজ করছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে মো. নয়ন উদ্দিন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মো. নয়ন উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নয়ন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

চকরিয়া উপজেলার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নছিমনটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ডাম্পার গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি মাহবুব রহমান নিশ্চিত করেছেন।