সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পেকুয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা, জমি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ মে ২০২৬ | ৭:২৩ অপরাহ্ন


কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামে সাংবাদিক গিয়াসউদ্দিনের পরিবারের ওপর সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাইন্যা ঘোনা গ্রামের মৃত একরাম মিয়ার ছেলে আবদুল মজিদের নেতৃত্বে তার চার ছেলে রাশেদ, জাহেদ, মুহিব ও শহীদ, সঙ্গে কামালের ছেলে মাসুদ এবং রশিদ আহমদের ছেলে আতিক, আবদুল্লাহ ও এনামসহ একদল চিহ্নিত সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে সাংবাদিক গিয়াসউদ্দিনের ভোগদখলীয় প্রায় ১০ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছে।

এ সময় আবদুল মজিদ, রাশেদ, জাহেদ, মুহিব, শহীদ, মাসুদ, আতিক, আবদুল্লাহ এবং এনামসহ হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক গিয়াসউদ্দিনের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং একটি খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই বর্বরোচিত ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পেকুয়া উপজেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সাংবাদিক গিয়াসউদ্দিন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পেকুয়া প্রশাসনের কাছে সার্বিক নিরাপত্তা দাবি করেছেন।

সাংবাদিক গিয়াসউদ্দিন জানান, গত ১৯ মে বেলা ২টার পর তিনি চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফেরার পথে পেকুয়া চৌমুহনী এলাকায় তার গতিরোধ করে আবদুল মজিদের নেতৃত্বে ১২ জনের একদল সন্ত্রাসী। এ সময় মব সৃষ্টি করে সাংবাদিক গিয়াসউদ্দিনকে গুরুতর আহত করে এবং মোবাইল, নগদ টাকা ও ল্যাপটপ ছিনতাই করে নিয়ে যায় তারা।

এই ছিনতাই ও হামলার ঘটনায় ভূমিদস্যু আবদুল মজিদ, তার ছেলে রাশেদ, শহীদ, মুহিব, ভাতিজা এনাম, আতিক, আবদুল্লাহসহ ১২ জনের বিরুদ্ধে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন সাংবাদিক গিয়াসউদ্দিন।

আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজারের পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ দেন। উক্ত মামলা দায়েরের দুই দিন পর আসামিরা ক্ষিপ্ত হয়ে বুধবার (২৭ মে) সকালে সাংবাদিক গিয়াসউদ্দিনের পরিবারের ওপর এই বেপরোয়া হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। হামলাকারীরা এ সময় বসতঘরের প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত জড়িত সকল দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।