সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা ইতিহাসই প্রত্যাখ্যান করবে: শাহনওয়াজ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ মে ২০২৬ | ৭:২৫ অপরাহ্ন


জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে ইতিহাসই সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যুরো প্রধান মো. শাহনওয়াজ।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহনওয়াজ বলেন, সমাজে চাটুকারিতার প্রবণতা বেড়ে যাওয়ায় অনেক সময় প্রকৃত মূল্যায়ন আড়ালে পড়ে যায়। ইতিহাসে যার যে অবস্থান, তাকে সে অনুযায়ী মূল্যায়ন করা উচিত। কোনো ব্যক্তি বা দল ক্ষমতায় থাকলে তাদের নিয়ে কর্মসূচি আয়োজন করা হয়, কিন্তু ইতিহাসচর্চা কখনো একমুখী হওয়া উচিত নয়।

জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বল অধ্যায় উল্লেখ করে তিনি আরও বলেন, অবিভক্ত পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার উদ্যোগগুলো দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী শুধু তাঁকে স্মরণের দিন নয়, এটি তাঁর আদর্শ, সততা, দেশপ্রেম ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ১৯৭৫ এর পরবর্তী সংকটময় সময়ে দেশের পুনর্গঠনে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, গ্রিন টিভির সিইও ও কার্যকরী সদস্য ওয়াহিদ জামান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মো. আলী বাদশা, ডেইলি ক্যাম্পাসের চট্টগ্রাম করেসপন্ডেন্ট মুহাম্মদ আজাদ, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলাম, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার এম কে মনির, ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শর্মা এবং দৈনিক রূপালীর ব্যুরো প্রধান মো. গিয়াস উদ্দিন।