সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা তুলে ধরতে খোদ স্বাস্থ্যকেন্দ্রেই ফ্রি মেডিকেল ক্যাম্প

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ মে ২০২৬ | ৪:৩৬ অপরাহ্ন


পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকটসহ নানা সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে এবং প্রান্তিক জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খোদ স্বাস্থ্যকেন্দ্রেই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় ভাটিখাইন উন্নয়ন ফোরাম এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮০০ রোগী স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, ভাটিখাইন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে এলাকার হাজারো মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নের দাবিকে সামনে রেখে ভাটিখাইন উন্নয়ন ফোরাম ১৮টি সামাজিক সংগঠনের সহযোগিতায় এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিখাইন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ঝুলন দাশ শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা আশিকুল মোস্তফা তাইফু।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রি চিকিৎসা ক্যাম্পের সমন্বয়ক ডা. জলিল, ভাটিখাইন নাগরিক ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, ভাটিখাইন শহীদ জিয়া ঐক্য সংসদের সভাপতি ও নাজিম অ্যান্ড সন্সের পরিচালক কাজী নাজিম উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেব মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মো. সাজ্জাদ হোসেন, মজিবুর রহমান সোহেল, মো. জমির, মো. আদনান, আল আমিন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. নাছির মাস্টার, সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, মরহুম রাজা মিয়া ফাউন্ডেশনের সভাপতি মির্জা মাহবুব, মো. ইউনুস, মো. মিঠু, ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাংবাদিক এএইচএম কাউছার, ভাটিখাইন আদর্শ সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল, মো. বোরহান, মো. কাদের, মো. রফিক, মো. রাসেদ, রবিউল, মো. মাসুদ, মো. রহিম, আল মোবারক ফাউন্ডেশনের সহ-সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক ছাবেদ বিন আলী, নবজাগরণ সংসদের সহ-সভাপতি হিল্লোল, ত্রিনেত্র সংঘের সভাপতি জয় শীল এবং ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ সদস্য হৃদয় ও মো. আজাদ।

ভাটিখাইন উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা আশিকুল মোস্তফা তাইফু বলেন, ভাটিখাইন ইউনিয়নে ১০ শয্যার একটি সরকারি হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল নেই। যার কারণে ইউনিয়নের মানুষকে পটিয়া শহরে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতেই স্বাস্থ্যসেবা কেন্দ্রেই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ভাটিখাইনের উন্নয়ন ও মানবসেবার কাজে সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।