
চট্টগ্রামের ফটিকছড়িতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ-মওলা মনজিলের মাসিক সভা, ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
শোকর-এ-মওলা মনজিল মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন চৌধুরী, পূবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন এবং জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত।
কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. এহসান উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য মো. ওমর ফারুক। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিগণ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাইজভাণ্ডারী দর্শন মানবের অন্তরে খোদাপ্রেমের জাগরণ সৃষ্টি করে। সপ্তকর্ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে মানুষ নিজের আত্মাকে খোদার প্রেমে উৎসর্গ করে। পবিত্র অন্তরের অধিকারী খোদাপ্রেমী ব্যক্তি সর্বদা সৃষ্টির কল্যাণে নিবেদিত থাকেন। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) কেবলা কাবা সদাসর্বদা সৃষ্টির কল্যাণের শিক্ষা দিয়ে যাচ্ছেন।
এছাড়াও বক্তারা হজ ও কোরবানির বিভিন্ন আচার-অনুষ্ঠানের মূল হাকিকত (সত্যতা) কোরআন, হাদিস ও মাইজভাণ্ডারী তরিকার আলোকে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ পরিচালনা করেন পূবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন। সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগর। পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।