সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘৩৪ বছর পর যেন আবারও বিদ্যালয়ে ফিরে গেলাম’

মিরসরাইয়ে এসএসসি ’৯১ ব্যাচের ঈদ পুনর্মিলনী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ জুন ২০২৬ | ৯:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) দিনব্যাপী উপজেলার আরশিনগর ফিউচার পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

সকাল থেকেই আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘ সময় পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণের মাধ্যমে স্কুলজীবনের নানা ঘটনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। আড্ডার ফাঁকে তাঁরা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘৩৪ বছর পর যেন আবারও প্রিয় বিদ্যাপীঠে ফিরে গেলাম।’ দিনব্যাপী আয়োজনে ছিল ফটোসেশন, কেক কাটা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মেজবাউল আলম মানিক, সদস্যসচিব তপন ধুম, সমন্বয়ক শাহিনুল ইসলাম স্বপন, নিজাম উদ্দিন কমিশনার ও মাঈন উদ্দিনসহ এসএসসি ’৯১ ব্যাচের সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজী বলেন, মিরসরাইয়ে এসএসসি ১৯৯১ ব্যাচের মিলনমেলায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিল এই আয়োজনের মাধ্যমে সকলে আনন্দ-উৎসবে মিলিত হওয়া। রাজনীতিতে ভিন্ন মত থাকতে পারে, তবে আমরা সকল মতাদর্শকে সাথে নিয়ে আজকের এই আয়োজন করেছি। এখানে রাজনৈতিক কোনো পরিচয় নেই, আমরা সবাই বন্ধু। এর আগেও পরিবার নিয়ে এমন আয়োজন করা হয়েছিল।

দিদারুল আলম মিয়াজী আরও জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষাসামগ্রী বিতরণ, অসহায়দের অনুদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পিছিয়ে পড়া বন্ধুদের আর্থিক সচ্ছলতার জন্য অনুদানসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করছে তাঁদের ব্যাচ। আগামীতে আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মেজবাউল আলম মানিক বলেন, ১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে মিরসরাইয়ের অন্তত সাড়ে ৩০০ বন্ধুকে নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় পর বন্ধুদের পেয়ে শৈশব-কৈশোরে ফিরে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি। তিনি জানান, বন্ধুর প্রয়োজনে, আনন্দ আয়োজনে এবং মানুষের কল্যাণে কাজ করাই ’৯১ ব্যাচের মূল লক্ষ্য।

সদস্যসচিব তপন ধুম জানান, ব্যস্ত জীবনের নানা সীমাবদ্ধতার মাঝেও এমন পুনর্মিলনী পুরোনো বন্ধুত্বকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। আগামীতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।