
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের চারমাস পর কক্সবাজারের চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১৩ জুন শনিবার তার এই সফরে আসার কথা রয়েছে।
এই সফরে তিনি চকরিয়ার ডুলাহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছানোর পর সড়কপথে চকরিয়ার ডুলাহাজারায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি মাতামুহুরী উপজেলার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন বলেও জানান এই কর্মকর্তা।
ইউএনও শাহীন দেলোয়ার আরও জানান, প্রধানমন্ত্রীর এই সরকারি সফরের আনুষ্ঠানিক সময়সূচি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।
তবে দায়িত্বশীল সূত্রের খবরের ভিত্তিতে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।