সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন কলেজছাত্র ফাহিম

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ জুন ২০২৬ | ৯:০৯ অপরাহ্ন


বান্দরবান থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ফেরার পথে পটিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র মোহাম্মদ ফাহিম মারা গেছেন।

প্রায় ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৭ বছর বয়সী মোহাম্মদ ফাহিম রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মিরধারপাড়া গ্রামের বড় বাড়ির বাসিন্দা মো. ফারুক আহমেদের ছেলে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গত ২৩ মে বান্দরবান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে পটিয়া এলাকায় চলন্ত একটি বাস হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি।

এতে মোহাম্মদ ফাহিম ও তার এক বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে মোহাম্মদ ফাহিমকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের মামা আয়াতুল্লাহ মুরাদ জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ফাহিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল এবং তিনি স্বজনদের সঙ্গে কথাও বলেছিলেন।

পরে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করার পর তার মৃত্যু হয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আয়াতুল্লাহ মুরাদ।

রাউজান থানার ডিউটি অফিসার মোহাম্মদ ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিজ গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে মোহাম্মদ ফাহিমের দাফন সম্পন্ন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে মো. ফারুক আহমেদ ও ফাহিমের মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাকে শেষ বিদায় জানাতে অসংখ্য সহপাঠী ও প্রতিবেশী ভিড় করেন।