
কক্সবাজারের চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে হাবিব উদ্দিন মিন্টুর অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়া এলাকায় হাবিব উদ্দিন মিন্টুর নিজ বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাত কবলিত বাড়ির লোকজন জানান, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু। ঘটনার দিন তিনি পৌরসভার বাটাখালীতে তাঁর নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। হাবিব উদ্দিন মিন্টুর দুই সন্তানও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।
এরপর বাড়িতে থাকা হাবিব উদ্দিন মিন্টুর অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তাঁর সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৪ ভরি স্বর্ণালংকার, ২ লাখ নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টু জানান, তিনি ঘটনার সময় বাটাখালীর নতুন বাড়িতে স্ত্রীর সঙ্গে ছিলেন এবং তাঁর দুই ছেলেও বাইরে ছিল। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে ডাকাতদল এই লুটপাট চালায় বলে হাবিব উদ্দিন মিন্টু উল্লেখ করেন।
এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে পুলিশ ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও এএসপি অভিজিৎ দাশ নিশ্চিত করেছেন।