সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘জঙ্গল সলিমপুরে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ জুন ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

বুধবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে আয়োজিত পথসভা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদক ব্যবসার তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করারও আহ্বান জানান পুলিশ সুপার।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক বাসিন্দা।