সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, উদ্বোধন হবে মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ জুন ২০২৬ | ৫:২৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধন করতে শুক্রবার আসছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তার আগমনকে কেন্দ্র করে পটিয়ায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ক্রীড়া সংস্থা সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টায় পটিয়ার জালুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

স্থানীয় ক্রীড়া সংগঠকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পটিয়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি ছিল। নানা জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। পরে সংসদ সদস্য এনামুল হক এনামের উদ্যোগে স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া এগিয়ে যায়।

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন বলেন, সংসদ সদস্যের প্রচেষ্টার ফলে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পর্যায়ে এসেছে।

তিনি বলেন, প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে পটিয়ার ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ সময় স্থানীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দাবি তার কাছে তুলে ধরা হবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।