সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

৪৮ ঘণ্টার মধ্যে কক্সবাজারে আসছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৫ জুন ২০২৬ | ৮:৩০ অপরাহ্ন


দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মাঝেই ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় সপ্তাহ জুড়ে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১২০ ঘণ্টার এই পূর্বাভাস দিয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। বর্তমানে একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বজায় থাকতে পারে।

শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবারও দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের মোট ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে কিছু কিছু অঞ্চল থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।