সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পরিবেশ দিবসে চকরিয়ায় বাপার মানববন্ধন, বালুদস্যুদের শাস্তির দাবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ জুন ২০২৬ | ১১:০৬ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাগোপ্তা গর্তে প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে বালুদস্যুদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার বিকাল ৪টার দিকে চকরিয়ার বদরখালী ফেরিঘাট সংলগ্ন বদরখালী ব্রিজের পূর্ব পাশে বাপা চকরিয়া উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও সাংবাদিক নেতা স ম ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।

সমাবেশে বক্তারা বলেন, চকরিয়ার মাতামুহুরী নদী থেকে অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গর্ত তৈরি হচ্ছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে। এছাড়া নদীর তীরবর্তী রাস্তাঘাটও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

প্রশাসনের বিচ্ছিন্ন অভিযানের পরও দখলবাজ ও বালুদস্যুদের অপকর্ম থামছে না বলে অভিযোগ করেন বক্তারা। পরিবেশ বিধ্বংসী এসব কর্মকাণ্ড বন্ধ করতে দ্রুত আইনের প্রয়োগ ও চকরিয়া উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মাতামুহুরী উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক ইমাম উদ্দীন মনির বলেন, পরিবেশ রক্ষায় বিএনপি সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে স ম ইকবাল বাহার চৌধুরী পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তবে এসব উদ্যোগ যেন ভেস্তে না যায়, সেজন্য সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন, বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক এবং বদরখালী ডিগ্রি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন বাপা চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক জালাল উদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বদরী, যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রিদুয়ান হাফিজ এবং বাপার সম্ভাব্য সাংগঠনিক সম্পাদক এম জুনাইদ উদ্দীন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাংবাদিক সাইরাজ চৌধুরী, বাপা চকরিয়ার প্রচার সম্পাদক সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আবু নাঈম লিটন, বাপা মহেশখালী শাখার সদস্য জাহাঙ্গীর আলম, বাপা চকরিয়ার যুগ্ম সম্পাদক সরওয়ার আলম, বাপার সদস্য আলাউদ্দিন এবং ফেরিঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ।

পাশাপাশি বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বদরখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রামিম, ছাত্রনেতা ইব্রাহিম জুয়েল এবং সরওয়ার আলম প্রমুখ মানববন্ধনে অংশ নেন।