সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় চুরি-ডাকাতি-ছিনতাইয়ের হিড়িক, আতঙ্ক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ জুন ২০২৬ | ৯:১৫ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার গ্রাম থেকে শহর—সর্বত্র সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে রাত নামলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ, এলাকায় বিরাজ করছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক।

গত কয়েক মাসে চকরিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকার বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাস্তায় এসব অপরাধের ঘটনা ঘটেছে। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ অপরাধীরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে চুরি বা ডাকাতি করে দ্রুত সটকে পড়ছে। এই পরিস্থিতিতে নিজেদের সম্পদ ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী অনেক স্থানে রাত জেগে পাহারা দিচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অপরাধ দমনে পুলিশের কার্যক্রম জোরদারের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ এবং এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।

জনগণের দাবি, ইতোমধ্যে ঘটে যাওয়া চুরি ও ডাকাতির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন তারা।

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ জানান, উপজেলার শান্তিপ্রিয় মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে চায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল তৎপরতা আরও জোরদার করা এবং জড়িতদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপরাধমুক্ত ও নিরাপদ চকরিয়া গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সর্বস্তরের জনগণ।