সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় লেগুনা নিয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুন ২০২৬ | ৭:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় একটি লেগুনা গাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার মনসা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে মো. মামুন, একই এলাকার আফসারের ছেলে তৌহিদুল ইসলাম আরাফাত এবং বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার নুরে আলমের ছেলে ইসকান্দর।

পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা লেগুনা নিয়ে রাতে ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ চাকু, একটি পুরোনো চাকু, একটি কাটার, একটি স্টিলের চাকু, একটি দা এবং একটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

রোববার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা যুযুৎসু যশ চাকমা।