সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় উচ্ছেদ অভিযানের পরও বসছে অবৈধ গরুর হাট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুন ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বসানো ইলিশিয়া গরুর হাটে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এই অবৈধ হাটের কারণে স্থানীয় জমিলা বেগম উচ্চ বিদ্যালয় ও ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর লেখাপড়ার নিরাপদ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার বিকেলে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেবের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চিরিংগা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ ন ম ইদ্রিস আজাদ। অভিযানকালে অবৈধ গরুর হাট বসানোর সঙ্গে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ এই বাজারটি প্রথম দফায় উচ্ছেদ করা হয়েছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে অস্থায়ী ভিত্তিতে বাজারটির ইজারা পেয়েছিলেন বিএনপি নেতা মুজিবুল হক। নীতিমালা অনুযায়ী ঈদের পর ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।

অভিযোগ রয়েছে, ইজারার মেয়াদ শেষ হলেও একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পুনরায় এই গরুর হাট বসিয়ে বাণিজ্য শুরু করে। এর ফলে বিদ্যালয় সংলগ্ন মাঠটিতে ময়লা-আবর্জনা ও দিনভর কোলাহলের সৃষ্টি হয়, যা শিক্ষার পরিবেশ ও খেলার মাঠটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এলাকাবাসীর অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন মহলের তীব্র ক্ষোভ প্রকাশের পর প্রশাসন রোববার পুনরায় এই উচ্ছেদ অভিযান চালায়।

এ বিষয়ে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, ইলিশিয়ার এই গরুর হাটটি সম্পূর্ণ অবৈধ। এটি উচ্ছেদে আগেও অভিযান চালানো হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি পুনরায় বাজারটি চালুর চেষ্টা করে, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।