সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে সন্ত্রাস দমন আইনের মামলায় ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ জুন ২০২৬ | ১:৪৮ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবদুল করিম সাবু উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বার বাড়ির আবদুল গফুরের ছেলে। তিনি ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের একজন সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার বেলা ১১টার দিকে জানান, গ্রেপ্তার হওয়া আবদুল করিম সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের এমন আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।