
চট্টগ্রামে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আদালতে দাখিল করা চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলায় অভিযোগ গঠনের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।
মামলার একমাত্র আসামি মনির হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখাননগরে বসবাস করছেন।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, আসামি মনির হোসেনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্রটি আদালত আমলে নিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার আদালতের প্রসিকিউশন শাখায় এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাকলিয়া থানার পরিদর্শক তানভীর আহমেদ।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
গত ২১ মে বিকেলে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠসংলগ্ন একটি গুদামকক্ষে শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
ঘটনার পরদিন অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় রেকর্ড করা হয়েছে।