সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মে মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরেছে, পিএমআই সূচক ৬২.৮

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৮ জুন ২০২৬ | ৮:০০ অপরাহ্ন


মে মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত মাসে বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) মান ছিল ৬২ দশমিক ৮, যা এপ্রিলের ৫৪ দশমিক ৬ থেকে ৮ দশমিক ২ পয়েন্ট বেশি। এর ফলে অর্থনীতিতে সম্প্রসারণের গতি আরও জোরালো হয়েছে।

আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ পিএমআই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উৎপাদন ও সেবা খাতে শক্তিশালী প্রবৃদ্ধি, নির্মাণ খাতের পুনরুদ্ধার এবং কৃষি খাতের ধারাবাহিক সম্প্রসারণের ফলে অর্থনৈতিক কার্যক্রমের এই গতি বেড়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কৃষি খাত টানা নবম মাসের মতো সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। এই খাতে ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে প্রবৃদ্ধি বেড়েছে। তবে নতুন ব্যবসা ও উৎপাদন উপকরণের ব্যয়ের প্রবৃদ্ধি কিছুটা কমলেও জমে থাকা কাজের সূচকে সংকোচন দেখা গেছে।

অন্যদিকে, উৎপাদন খাত টানা দ্বিতীয় মাসের মতো সম্প্রসারিত হয়েছে। এই খাতে নতুন কার্যাদেশ, রপ্তানি আদেশ, কাঁচামাল ক্রয় ও কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। সেই সঙ্গে আমদানি ও জমে থাকা কার্যাদেশও আবার বেড়েছে।

টানা তিন মাস সংকোচনের পর নির্মাণ খাত আবার সম্প্রসারণের ধারায় ফিরেছে। এই খাতে নতুন কাজ, নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থানে ইতিবাচক ধারা দেখা গেছে। পাশাপাশি নির্মাণ উপকরণের ব্যয় বৃদ্ধির হারও আরও বেড়েছে।

সেবা খাত টানা ২০তম মাসের মতো সম্প্রসারণের মধ্যে রয়েছে। এই খাতে ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান ও উৎপাদন ব্যয়ের হার বেড়েছে এবং নতুন ব্যবসাও আবার সম্প্রসারণে ফিরেছে।

খাতভিত্তিক সূচকে দেখা যায়, মে মাসে কৃষি খাতের সূচক ছিল ৭০, উৎপাদন খাতের ৬৪ দশমিক ১, সেবা খাতের ৬২ দশমিক ৩ এবং নির্মাণ খাতের ৫২ দশমিক ৯। আগের মাসে এই সূচকগুলো ছিল যথাক্রমে ৭০ দশমিক ৭, ৫৬ দশমিক ৯, ৫১ দশমিক ৮ ও ৪৪ দশমিক ৬।

প্রতিবেদনে ভবিষ্যৎ ব্যবসা সূচকের পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, কৃষি, নির্মাণ ও সেবা খাতে সম্প্রসারণের এই ধারা অব্যাহত থাকবে। তবে উৎপাদন খাতে ভবিষ্যৎ প্রত্যাশা কিছুটা দুর্বল এবং সেখানে সংকোচনের আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনের বিষয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও মূল্যস্ফীতির চাপ ছিল। তবে ঈদ সামনে রেখে অভ্যন্তরীণ চাহিদা ও ব্যবসায়িক কার্যক্রম বেড়ে যাওয়ায় মে মাসে অর্থনৈতিক সম্প্রসারণের গতি বেড়েছে।

উল্লেখ্য, পিএমআই সূচকের মান ৫০-এর ওপর থাকলে তাকে অর্থনৈতিক সম্প্রসারণ হিসেবে ধরা হয়। সূচক ৫০ থাকলে স্থিতিশীল এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন হিসেবে বিবেচনা করা হয়।